Cultural Warfare, Soft Power ও বাংলাদেশের অবস্থান
সাংস্কৃতিক যুদ্ধ: যে যুদ্ধে গুলি চলে না, কিন্তু জাতি হারিয়ে যায়
একটি যুদ্ধের কথা কল্পনা করুন। যে যুদ্ধে আপনার কোন অস্ত্র ব্যবহার করা লাগছে না, কোন সেনা ব্যবহার করা লাগছে না, বরং সে যুদ্ধে আপনার প্রতিপক্ষ তার নিজের দেশীয় সংস্কৃতি আপনার দেশের সাথে মিলিয়ে দিতে চাচ্ছে। এ যুদ্ধে আপনার সবচেয়ে বড় ভয় হলো, আপনার সংস্কৃতির বিকৃতি এবং আপনার জাতির পতন। আর এযুদ্ধের নামই হলো সাংস্কৃতিক যুদ্ধ বা cultural warfare।
সাংস্কৃতিক যুদ্ধ কি, কিভাবে কাজ করে এবং কেন এ যুদ্ধ সাধারণ যুদ্ধ থেকে মারাত্মক, তা আমরা আজকের লেখায় বুঝতে চেষ্টা করবো।
সাংস্কৃতিক যুদ্ধ (Cultural Warfare) কী ?
Cultural Warfare বলতে অনেকে হয়তো ভাবেন এটা কোনো একাডেমিক পরিভাষা, বাস্তবের সাথে যোগ কম। ধারণাটা ঠিক নয়। সাংস্কৃতিক যুদ্ধ একটি প্রামাণিত ভূ-রাজনৈতিক কৌশল — যেটা ইতিহাসে বারবার প্রমাণিত, এবং আজও সমানভাবে চলছে।
এটা পরিচালিত হয় মিডিয়ার ভাষা দিয়ে, পাঠ্যপুস্তকের বিষয়বস্তু দিয়ে, ধর্মের ব্যাখ্যার কোণ দিয়ে এমনকি টিকটকের অ্যালগরিদম দিয়ে। একটা সমাজ কীভাবে তার ইতিহাস মনে রাখবে, কোন মূল্যবোধকে ‘স্বাভাবিক’ মনে করবে, কোন নেতা ‘ভালো’ আর কোনটি ‘খারাপ’ এই সিদ্ধান্তগুলো শূন্য থেকে আসে না। সেগুলো তৈরি হয়। কেউ তৈরি করে।
তিনটি তাত্ত্বিক ধারণা এখানে বুঝতে সাহায্য করে।
০১/ Joseph Nye এবং Soft Power
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Joseph Nye ১৯৯০ সালে তাঁর Bound to Lead গ্রন্থে প্রথম ‘Soft Power‘ ধারণাটি হাজির করেন। পরে ২০০৪ সালে Soft Power: The Means to Success in World Politics বইয়ে তিনি এটিকে পূর্ণ রূপ দেন।
“Soft Power is the ability to get what you want through attraction rather than coercion or payments.” — Joseph Nye, 2004
অর্থাৎ তার মতে সামরিক বল বা অর্থনৈতিক চাপ ছাড়াই যদি আপনি অন্যকে আপনার মতো ভাবাতে পারেন, সেটাই Soft Power। Nye সাহেব মে ২০২৫-এ ৮৮ বছর বয়সে মারা গেছেন, কিন্তু তাঁর ধারণাটা আজ আগের চেয়ে বেশি প্রাসঙ্গিক। মৃত্যুর কিছু আগে তিনি Financial Times-এ লিখেছিলেন — Trump প্রশাসনের ‘America First’ নীতি মার্কিন Soft Power-কে মারাত্মকভাবে দুর্বল করে দিচ্ছে। এটা নিছক মন্তব্য ছিল না, একজন বিশেষজ্ঞের শেষ সতর্কবার্তা ছিল।

০২/ Gramsci-র Cultural Hegemony
ইতালীয় চিন্তাবিদ Antonio Gramsci (১৮৯১–১৯৩৭) তাঁর Prison Notebooks-এ একটা গভীর কথা বলেছিলেন। শাসকরা শুধু পুলিশ বা সেনাবাহিনী দিয়ে ক্ষমতায় থাকে না তারা টিকে থাকে কারণ তারা সমাজের ‘সাধারণ বোধ’ বা Common Sense-কে নিজেদের মতো করে গড়ে তুলতে পারে।
সহজ ভাষায়: আপনি যখন কোনো বিষয়কে ‘স্বাভাবিক’ মনে করেন — সেই ‘স্বাভাবিকতা’টা কে তৈরি করেছে? কে ঠিক করেছে যে কোন সংস্কৃতি উন্নত, কোন ইতিহাস গুরুত্বপূর্ণ, কোন ভাষায় কথা বলা ‘শিক্ষিতের’ লক্ষণ? এই প্রশ্নগুলো মাথায় রাখলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনেকটা স্পষ্ট হয়ে ওঠে।
০৩/ Overton Window: চিন্তার সীমানা সরানো
তৃতীয় ধারণাটি হলো Overton Window। যেকোনো সমাজে একটা ‘গ্রহণযোগ্য ধারণার পরিসর’ থাকে। সাংস্কৃতিক যুদ্ধের একটা বড় কাজ হলো এই Window-টাকে নিজেদের দিকে সরানো — ধীরে ধীরে, যাতে মানুষ বুঝতেও না পারে।
যেমন ১৯৭১ সালে বাংলাদেশে ইসলামিক রাষ্ট্রের ধারণা ছিল একটা ছোট গোষ্ঠীর কথা মাত্র। কিন্তু ধীরে ধীরে — মাদ্রাসার বিস্তার, সৌদি অর্থায়ন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে — এই ধারণা এখন মূলধারার রাজনৈতিক বক্তৃতার অংশ। এটা কোনো ঘটনাচক্রের ফল নয়।
হাতিয়ারগুলো কী কী?
সাংস্কৃতিক যুদ্ধের সরঞ্জামগুলো আলাদা আলাদাভাবে নিরীহ মনে হতে পারে। একটা ড্রামা সিরিজ, একটা বৃত্তি, একটা সংবাদ চ্যানেল। কিন্তু একটি সুনির্দিষ্ট কৌশলের অংশ হিসেবে যখন এগুলো একসাথে কাজ করে, তখন প্রভাব হয় গভীর এবং দীর্ঘমেয়াদী।
আর সে প্রভাবকে কাজে লাগিয়ে শাসকেরা জনগণকে নিয়ন্ত্রন করতে চেষ্টা করে। এখানে আসে তাদের ব্যবহার করা বেশ কিছু হাতিয়ার।
মিডিয়া ও ন্যারেটিভ নিয়ন্ত্রণ: মিডিয়া এ যুদ্ধের অন্যতম হাতিয়ার। মিডিয়া দিয়ে শাসকেরা তাদের এবং প্রতিপক্ষের দেশের জনগণের মন নিয়ন্ত্রণ করতে পারে। বিষয়টি মূলত ন্যারেটিভ তৈরির খেলা। এখন ন্যারেটিভ বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে তৈরি করা যায়। যেটা হতে পারে সংবাদের মাধ্যমে, চলচ্চিত্রের মাধ্যমে, বিনোদনের মাধ্যমে, এমনকি মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে। জিনিসটা তাহলে কিভাবে কাজ করে? এ বিষয়টি বুঝা যাবে সহজে যদি আপনি বাংলাদেশের ছাত্র-জনতার বিপ্লবের দিক তাকান। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার গণবিপ্লবে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তাদের “বাংলাদেশে হিন্দুরা নিরাপদে নেই”, “বাংলাদেশে হিন্দুদের মেরে ফেলা হচ্ছে”, “বাংলাদেশে হিন্দুদের ঘর-বাড়ি পুড়িয়ে ফেলা হচ্ছে”- বলে ভারতের R বাংলা, Zee news, সহ বেশ অনেকগুলো নিউজপেপার সংবাদ প্রকাশ করে। বাইরের দুনিয়ার কাছে বাংলাদেশকে একটি অশান্ত ও ইসলামী জঙ্গিবাদের দেশ হিসেবে দেখানোর চেষ্টা চালিয়ে যায়। এমনকি নির্বাচনসহ সময়েও তারা বেশ কিছু জিনিস প্রচার করে দেশকে বিপদে ফেলতে চেয়েছিল। ছাড়াও আমেরিকা – ইরান যুদ্ধে আমেরিকার মিডিয়া ন্যারেটিভ, রাশিয়া – ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ন্যারেটিভ এবং ইসরায়েল – ফিলিস্তিন সংঘাতে ইসরায়েলের মিথ্যা ন্যারেটিভ এবং প্রচার আমরা দেখেছি।এছাড়াও RT (রাশিয়া), CGTN (চীন), Zee News (ভারত) — রাষ্ট্র-পৃষ্ঠপোষিত চ্যানেলগুলো আলাদা দর্শকের কাছে একই বাস্তবতাকে আলাদাভাবে উপস্থাপন করে। কোন ঘটনা ‘গুরুত্বপূর্ণ’, কোনটা ‘নীরব’ থাকবে — এই সিদ্ধান্তটা রাজনৈতিক।

শিক্ষা ও পাঠ্যক্রম: পাঠ্যপুস্তকের মাধ্যমে এক প্রকার কালচারাল যুদ্ধ চালাতে পারে কোন দেশ। এ বিষয়ে বলা যায়, পাঠ্যপুস্তকে যার ইতিহাস আছে, তারাই পরবর্তী প্রজন্ম তৈরি করে। বাংলাদেশের উদাহরণ দিয়ে বলা যাক। সমাজবিজ্ঞান বইয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে কে প্রথম ভাষণ দিয়েছিল সেটা নিয়ে সবসময়ই একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল, সেটা যে কোন কারণেই হোক না কেন। দেশে যে সরকার ক্ষমতায় বসেছে তারাই নিজেদের সুবিধামত করে ইতিহাস সাজিয়েছে। একারণে এটার উপরে বেশ কিছু বার সমস্যা সৃষ্টিও হয়েছে। সর্বশেষ ২০২৪-পরবর্তী পাঠ্যপুস্তকে বিষয়টি জোরালভাবে সামনে আসে। পাঠ্যপুস্তকে যার ইতিহাস আছে, তারই পরবর্তী প্রজন্ম তৈরি হয়। বাংলাদেশে ২০২৪-পরবর্তী পাঠ্যপুস্তক বিতর্ক এর জীবন্ত উদাহরণ। এতো গেল বাংলাদেশের কথা। আপনি নর্থ কোরিয়া, ভারত, পাকিস্তান, কিংবা চীনের দিকে তাকান, সেখানেও সেম অবস্থা, এমনকি আমেরিকাতেও। কেননা শিশু বয়স থেকে একটা প্রজন্মকে নিয়ন্ত্রণ করা সহজ হয়, এবং এটাই কাজের।
বৃত্তি ও শিক্ষা কূটনীতি: Confucius Institute (চীন), ICCR (ভারত), Fulbright (মার্কিন) — ভবিষ্যতের এলিটদের মধ্যে নিজের মূল্যবোধ প্রোথিত করার কৌশল।
পপ কালচার: কে পপ কালচার, ভারতের বলিউড কিংবা তুরস্কের সিরিজ একটা সফট কালচারাল হেজিমনি আসলে আমাদের সামনে নিয়ে আসে।
বাংলাদেশে এ জিনিসটা নতুন না। বহু আগে ভারতীয় সিরিজ এবং বলিউডের প্রভাব আমরা দেখেছি বিগত সময়ে। বাংলাদেশের পোশাক শিল্পে, এমনকি বিভিন্ন জায়গায় ভারতীয় বলিউড গান এসব মানুষের ঘরে ঘরে এগুলোর মাধ্যমে সাংস্কৃতিক একটা বড় বিপ্লব হতে চলেছিল।। পাশাপাশি তুরস্কের দিরিলিস আরতুগ্রুল, কুরুলুস উসমান সহ বেশ কয়েকটি সিরিজ বাংলাদেশে জনপ্রিয় হয়। এরই ফল প্রসূ দেখতে পাওয়া যায় দেশে ভারতীয় সিরিয়ালের প্রভাব কমে আসে।
ডিজিটাল প্ল্যাটফর্ম: Facebook (Meta/মার্কিন), TikTok (ByteDance/চীন) — অ্যালগরিদম ঠিক করে আপনি কী দেখবেন, কী ভাববেন।
একটা বিষয় লক্ষণীয়। এই হাতিয়ারগুলো ব্যবহারকারীকে সরাসরি ‘শত্রু’ বলে চিনতে পারবেন না। এরা আসে উপহারের মোড়কে — বৃত্তি দিয়ে, সিরিয়াল দিয়ে, মসজিদ বানিয়ে দিয়ে। কিন্তু প্রতিটি উপহারের পেছনে একটা হিসাব থাকে।
বৈশ্বিক খেলোয়াড়রা: কে কীভাবে খেলছে?
যুক্তরাষ্ট্র — আধিপত্য পড়তির দিকে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন সাংস্কৃতিক আধিপত্যের ভিত্তিগুলো ছিল স্পষ্ট । হলিউড, ইংরেজি ভাষা, আইভি লিগ, Silicon Valley। কিন্তু ২০১৬ সালের পর এই চিত্র পালটাতে শুরু করেছে। সাম্প্রতিক Monocle Soft Power Survey 2025 বলছে, মার্কিন Soft Power-এ উল্লেখযোগ্য পতন এসেছে। Nye নিজে শেষ দিকে বলেছিলেন — যে নীতি Greenland দখলের কথা বলে, USAID বন্ধ করে দেয় — সেই নীতি ‘America First’ নয়, আদতে ‘America Alone’। আকর্ষণ তৈরি করতে হলে আকর্ষণীয় হতে হয়। বলা যাই আমেরিকা মুলুত তার সফট পাওয়ার হারাতে চলেছে। এর ফলে তার জন্য এ লড়ায়ে টিকে থাকা কঠিন বর্তমান সময় চিন্তা করলে।
চীন — শর্তযুক্ত আকর্ষণ
চীনের Soft Power বিনিয়োগ গত দুই দশকে ব্যাপকভাবে বেড়েছে — Confucius Institute, CGTN, BRI-সংযুক্ত সাংস্কৃতিক কার্যক্রম। তবে গবেষকরা একটা সমস্যা চিহ্নিত করেছেন: চীনের Soft Power আসলে ‘শর্তযুক্ত’। এটা Nye-এর সংজ্ঞায় বলা স্বতঃস্ফূর্ত আকর্ষণ নয়, বরং অর্থনৈতিক সুবিধার বিনিময়ে অর্জিত সম্মতি। দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকায় BRI প্রকল্পগুলোকে অনেক বিশ্লেষক পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় নয়, বরং নির্ভরতা তৈরির কৌশল বলে দেখেন।
ভারত — সভ্যতার দাবিদার
দক্ষিণ এশিয়ায় ভারতের সাংস্কৃতিক প্রভাবের কৌশলটা পুরনো। Bollywood, হিন্দি ভাষার বিস্তার, ক্রিকেট, ICCR বৃত্তি , এগুলো সব পরিচিত হাতিয়ার। কিন্তু এর গভীরে আছে একটা সভ্যতাগত দাবি: বাঙালি সংস্কৃতি মূলত ভারতীয় সভ্যতার অংশ। রবীন্দ্রনাথকে ‘ভারতীয় কবি’ হিসেবে উপস্থাপন করা, বাংলার খাবার-পোশাক-উৎসবকে ‘ভারতীয় সংস্কৃতি’ বলা — এগুলো নিরীহ মনে হলেও পরিণামে বাংলাদেশের আলাদা অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করে।
তুরস্ক ও ইসলামিক বিশ্ব — ধর্মের ভূ–রাজনীতি
এরদোগানের তুরস্ক বাংলাদেশে নিজেকে একটা ‘আধুনিক মুসলিম দেশের’ মডেল হিসেবে হাজির করছে। Ertugrul বা Dirilis সিরিজের অভূতপূর্ব জনপ্রিয়তা শুধু বিনোদন নয় বরং এটা একটা সাংস্কৃতিক বার্তাও: যা বলে ইসলামি পরিচয় ও আধুনিকতা পাশাপাশি থাকতে পারে।

সৌদি আরব আরেকটু ভিন্নভাবে কাজ করে। ১৯৭৩-এর তেল সংকটের পর পেট্রোডলারের একটা অংশ গেছে ওয়াহাবি মতাদর্শের বৈশ্বিক প্রসারে। বাংলাদেশে এর প্রভাব দৃশ্যমান — মসজিদের স্থাপত্যশৈলী থেকে পোশাক সংস্কৃতি, এমনকি ধর্মীয় বক্তৃতার ভাষা পর্যন্ত বদলেছে। এটা স্বাভাবিক ধর্মীয় বিবর্তন, নাকি পরিকল্পিত সাংস্কৃতিক অনুপ্রবেশ — এই প্রশ্নটা এড়িয়ে যাওয়া ঠিক হবে না।
বাংলাদেশ: একটি পরিচয়ের যুদ্ধক্ষেত্র
বাংলাদেশের জাতীয় পরিচয় নিয়ে কথা বলতে গেলে প্রথমেই স্বীকার করতে হবে — এখানে কোনো একক, সরল উত্তর নেই। তিনটি পরিচয়-আখ্যান দশকের পর দশক ধরে একে অপরের সাথে প্রতিযোগিতা করছে: বাঙালি জাতীয়তাবাদ (ভাষা, ১৯৫২, ১৯৭১), ইসলামি পরিচয় (মুসলিম সংখ্যাগরিষ্ঠতা), এবং বাংলাদেশি জাতীয়তাবাদ (ভৌগোলিক ও ধর্মীয়-সাংস্কৃতিক মিশ্রণ)। প্রতিটির পেছনে আলাদা রাজনৈতিক বাহন আছে, আলাদা বাহ্যিক সমর্থকও আছে।
ধর্মনিরপেক্ষতার উত্থান ও পতন
বাংলাদেশ ১৯৭১ সালে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছিল। কিন্তু এই ধর্মনিরপেক্ষতা সমাজের গভীর থেকে উঠে আসেনি — এটা ছিল মূলত একটি রাজনৈতিক সিদ্ধান্ত, উপর থেকে চাপানো।
“Despite being founded on secular principles in 1971, secularism was imposed top-down, diverging from the prevailing societal ethos.” — World Affairs / Wiley Online Library, 2024
এই অন্তর্বিরোধটা পরে বড় হয়েছে। জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহ’ যোগ করেছেন, এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম করেছেন, কওমি মাদ্রাসার সনদকে স্বীকৃতি দেওয়া হয়েছে — প্রতিটি পদক্ষেপ আলাদাভাবে ‘ব্যবহারিক রাজনীতি’ মনে হলেও, একসাথে দেখলে এটি একটি ধারাবাহিক সাংস্কৃতিক রূপান্তর।
২০২৪–এর জুলাই বিপ্লব: একটি সাংস্কৃতিক মোড়
২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন শুধু একটা রাজনৈতিক ঘটনা নয় — এর সাংস্কৃতিক মাত্রাটাও সমান গুরুত্বপূর্ণ। ১৯৫২ থেকে ১৯৯০ পর্যন্ত বাংলাদেশের ছাত্র আন্দোলনগুলো মূলত ধর্মনিরপেক্ষ ও বামপন্থী চরিত্রের ছিল। ২০২৪-এ ভিন্ন মিশ্রণ দেখা গেছে।
“The 2024 protests had a pronounced religious undertone, with some factions emphasising Islamic identity over Bengali nationalism — a stark departure from the secular character of earlier student movements.” — Kathmandu Post, এপ্রিল ২০২৫
আন্দোলনের পরে যে আদর্শগত শূন্যতা তৈরি হয়েছে, সেটা ভরাট করতে এখন একাধিক সাংস্কৃতিক-রাজনৈতিক শক্তি প্রতিযোগিতায় নেমেছে। এই শূন্যতাটাই সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত।
ভারতের মিডিয়া যুদ্ধ
২০২৪-এর পর ভারতীয় কিছু সংবাদমাধ্যম বিশেষত Zee News, Republic TV বাংলাদেশ নিয়ে যা প্রচার করছে, সেটা সরাসরি media warfare-এর উদাহরণ হতে পারে। সংখ্যালঘু নির্যাতনের অতিরঞ্জিত বা কখনো যাচাইহীন খবর, যুনূস সরকারকে ‘Islamist-controlled’ হিসেবে চিত্রিত করা এটাকে নিছক সাংবাদিকতা বলা কঠিন। বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করা এবং ভারতের দেশীয় রাজনীতিতে হিন্দু জাতীয়তাবাদী ভোটব্যাংক ধরে রাখা দুটো উদ্দেশ্যই এই ন্যারেটিভে একসাথে কাজ করছে বলে মনে হয়।
চীনের নীরব অগ্রযাত্রা
যুনূস সরকার ক্ষমতায় আসার পর প্রথম রাষ্ট্রীয় সফর গেছে চীনে — এটা একটা কূটনৈতিক সংকেত। এর সাথে মিলিয়ে দেখুন বাণিজ্যের সংখ্যা: আগস্ট ২০২৪ থেকে আগস্ট ২০২৫-এর মধ্যে চীন থেকে আমদানি বেড়েছে ২৫%, চীনে রপ্তানি বেড়েছে ৪৪% (সূত্র: ORF, মার্চ ২০২৬)। এই সংখ্যা কেবল বাণিজ্যের গল্প বলে না বলে একটা ভূ-রাজনৈতিক পুনর্বিন্যাসের গল্প। Confucius Institute, চীনা বৃত্তিতে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি — এগুলো দীর্ঘমেয়াদী সাংস্কৃতিক বিনিয়োগ। আজকের শিক্ষার্থীরা ভবিষ্যতের নীতিনির্ধারক।
ডিজিটাল মাত্রা: অ্যালগরিদম একটি রাজনৈতিক সিদ্ধান্ত
বাংলাদেশে ৬ কোটিরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী আছেন এবং এদের বিশাল অংশ Facebook-নির্ভর। কিন্তু Facebook চালায় Meta — একটি মার্কিন কোম্পানি। TikTok চালায় ByteDance — চীনা। এই দুটো প্ল্যাটফর্মের অ্যালগরিদম ঠিক করে দেয় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কোন খবর দেখবে, কোন মত শুনবে, কোন নেতাকে বিশ্বাস করবে।
“Social media platforms give states, leaders, and even individuals the power to shape narratives that transcend borders.” — SAIS Review, Johns Hopkins University, মার্চ ২০২৫
সমস্যাটা হলো এই প্ল্যাটফর্মগুলোর উপর বাংলাদেশের কোনো কার্যকর নিয়ন্ত্রণ নেই। ভারতীয় মিডিয়ার বাংলাদেশ-বিরোধী কন্টেন্ট, মধ্যপ্রাচ্যীয় ইসলামি কন্টেন্ট, চীনা রাষ্ট্রীয় মিডিয়ার BRI-প্রচার — সব একসাথে বাংলাদেশের ডিজিটাল পরিসরে প্রবেশ করছে, কোনো ফিল্টার ছাড়া। ২০২৪-এর আন্দোলন প্রমাণ করেছে — সোশ্যাল মিডিয়া একদিকে জনগণের হাতিয়ার হতে পারে, অন্যদিকে বিদেশী influence operation-এর মাধ্যমও। দুটো একসাথে সত্য।
বাংলাদেশের নিজস্ব Soft Power: যা আমরা ভুলে আছি
এত কথা হলো বাংলাদেশের উপর প্রভাব নিয়ে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায় — বাংলাদেশের নিজের হাতে কী আছে? আসলে অনেক কিছুই আছে। শুধু সেগুলোকে সচেতনভাবে কাজে লাগানো হয়নি।
WTO-র তথ্য অনুযায়ী বাংলাদেশ বিশ্বের ২য় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক — এটা অর্থনৈতিক কূটনীতির ভিত্তি হতে পারত। UN শান্তিরক্ষায় ঐতিহাসিকভাবে বারবার শীর্ষে থাকা বাংলাদেশের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতার মজবুত ভিত্তি। গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূসের নোবেল — একটি উন্নয়ন মডেল হিসেবে বৈশ্বিক পরিচিতি। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বৈশ্বিক মনোযোগ। UK, US, মধ্যপ্রাচ্যে লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি — Diaspora Diplomacy-র অসাধারণ সম্ভাবনা। আর রবীন্দ্রনাথ, নজরুল, UNESCO-স্বীকৃত ২১ ফেব্রুয়ারি — বাংলা ভাষা ও সাহিত্যের অপ্রতিদ্বন্দ্বী পরিচয়।

এই সম্পদগুলো থাকা সত্ত্বেও বাংলাদেশ বৈশ্বিকভাবে নিজেকে একটা brand হিসেবে উপস্থাপন করতে পারেনি। ‘মধ্যপন্থী ইসলাম’-এর যে মডেল একসময় দেশটিকে আলাদা করত, সেটাও এখন চাপে। কারণ বাইরে থেকে প্রভাব আসছে, ভেতরে সংহতি নেই। একটা জাতির Soft Power তৈরি হয় পরিচয়ের স্থিরতা থেকে। যে জাতি নিজেই জানে না সে কে, তাকে অন্যরা চেনাতে আসে — নিজেদের সুবিধামতো।
উপসংহার: সার্বভৌমত্ব মানে শুধু ভূখণ্ড নয়
সাংস্কৃতিক যুদ্ধ সামরিক যুদ্ধের মতোই বাস্তব। পার্থক্য শুধু এটুকু — এখানে ক্ষতি হয় ধীরে, এবং যখন বোঝা যায় তখন অনেক দেরি হয়ে যেতে পারে।
বাংলাদেশের সামনে এই মুহূর্তে দুটো পথ। এক — বিভিন্ন বৈশ্বিক শক্তির সাংস্কৃতিক টানাটানিতে নিষ্ক্রিয়ভাবে ভেসে যাওয়া, যেখানে জাতীয় পরিচয় তৈরি হবে বিদেশী স্বার্থের আয়নায়। দুই — সচেতনভাবে নিজের অনন্য পরিচয় নির্মাণ করা এবং বৈশ্বিক মঞ্চে একটা সার্বভৌম কণ্ঠস্বর হওয়া।
দ্বিতীয় পথটা কঠিন। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, সাংস্কৃতিক সার্বভৌমত্ব কেউ উপহার দেয় না — সেটা অর্জন করতে হয়।
সার্বভৌমত্ব মানে শুধু সীমানা রক্ষা নয়। নিজের ইতিহাসের মালিক থাকা, নিজের মূল্যবোধ নিজে নির্ধারণ করা — এটাও সার্বভৌমত্ব। এবং এই সার্বভৌমত্বই এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে।
সূত্রসমূহ: Joseph Nye, Soft Power (2004) | Harvard Kennedy School Obituary, May 2025 | World Affairs/Wiley (2024) | Chatham House (June 2025) | ORF (March 2026) | Asia Society Policy Institute (March 2025) | The Diplomat (October 2024) | Kathmandu Post (April 2025) | SAIS Review, Johns Hopkins (March 2025) | WTO Trade Statistics (2024) | SAGE Journals (April 2025) | Monocle Soft Power Survey (2025)
© The Insight Mirror

